আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তরুণদের শক্তি বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এনসিপির নতুন সদস্য যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা এনসিপি তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশে পরিবর্তন ও সংস্কারের নতুন ধারা তৈরি করেছে। তিনি অভিযোগ করেন, সরকার এই নির্বাচনের মাধ্যমে গণঅভ্যুত্থানের লেগেসি থেকে জনগণকে বিচ্ছিন্ন করে সাধারণ ক্ষমতা পরিবর্তনের নির্বাচনে পরিণত করেছে এবং সংবিধানসহ গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো বাতিল করছে।
তিনি আরও বলেন, সারাদেশ থেকে এনসিপির প্রতি অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। দলটি একটি সুসংগঠিত রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চায়, যা তরুণদের নেতৃত্বে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে, কর্মসংস্থান নিশ্চিত করবে, বৈষম্য দূর করবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।
স্থানীয় সরকার নির্বাচনে তরুণদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “যারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে চান তারা একত্রিত হোন। এনসিপি আপনাদের পাশে থাকবে। আগামী নির্বাচনে তারুণ্যের জয়জয়কার হবে এবং তা এনসিপির সমর্থনেই সম্ভব হবে।”




































