ওয়ানডেতে বাঁহাতি পেসারদের রেকর্ডে ওয়াসিম-বোল্টের সমান হলেন মোস্তাফিজ

0
16

বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ওয়ানডে ক্রিকেটে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন। ওয়ানডেতে বাঁহাতি পেসারদের মধ্যে ইনিংসে সবচেয়ে বেশি পাঁচ উইকেট শিকারের তালিকায় পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের পাশে জায়গা করে নিয়েছেন তিনি। এই তিনজনই নিজেদের ওয়ানডে ক্যারিয়ারে ছয়বার ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করেন মোস্তাফিজ। ৯ ওভার বল করে ৪৩ রানে ৫ উইকেট তুলে নেন তিনি। ১২০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ষষ্ঠবার ইনিংসে পাঁচ উইকেট শিকার। এর মাধ্যমে ওয়াসিম আকরাম ও ট্রেন্ট বোল্টের রেকর্ডে সমান হলেন ফিজ।

ওয়াসিম আকরাম ৩৫৬ ওয়ানডেতে এবং ট্রেন্ট বোল্ট ১১৪ ম্যাচে ছয়বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ রেকর্ডটি অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের দখলে। তিনি ১৩০ ম্যাচে নয়বার ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন।

২০১৫ সালের জুনে ভারতের বিপক্ষে মিরপুরে ওয়ানডে অভিষেক হয় মোস্তাফিজের। অভিষেক ম্যাচেই ৫০ রানে ৫ উইকেট এবং পরের ম্যাচে ৪৩ রানে ৬ উইকেট নিয়ে বিশ্ব ক্রিকেটে ঝড় তোলেন তিনি। একই বছর জিম্বাবুয়ের বিপক্ষে ৩৪ রানে ৫ উইকেট শিকার করেন। এরপর ২০১৯ সালে বিশ্বকাপে ভারতের বিপক্ষে বার্মিংহামে ৫৯ রানে এবং পাকিস্তানের বিপক্ষে লর্ডসে ৭৫ রানে পাঁচ উইকেট নেন ফিজ।

প্রায় সাত বছর পর আবারও ইনিংসে পাঁচ উইকেটের দেখা পেলেন মোস্তাফিজ। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডও তার দখলে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে