কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর কর আরোপ হবে না: প্রধানমন্ত্রী

0
6

দেশের ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর প্রস্তাবিত ৭.৫ শতাংশ কর আরোপ করা হবে না বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১ জুন) সচিবালয়ে জনপ্রিয় ফেসবুক পেজ ‘চিত্ত মিডিয়া’র প্রতিষ্ঠাতা জুয়েল রানার সঙ্গে বৈঠকে তিনি এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানান।

প্রধানমন্ত্রী জুয়েল রানার কাজের প্রশংসা করে বলেন, তরুণরা ডিজিটাল মার্কেটিং ও বৈদেশিক বিভিন্ন কাজে যুক্ত হয়ে দেশের জন্য বৈদেশিক মুদ্রা আনছে। “ফ্রিল্যান্সাররা দেশের জন্য বড় ভূমিকা রাখে। যারা কনটেন্ট ক্রিয়েশন করে তারা তাদের পরিবার চালায়। এটা (কর আরোপ) হতে পারে না,” মন্তব্য করেন তিনি।

বৈঠক শেষে জুয়েল রানা গণমাধ্যমকে জানান, কর আরোপের গুঞ্জন নিয়ে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জানতে চান। প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে খোঁজ নেওয়ার নির্দেশ দেন এবং কর আরোপ না করার বিষয়ে স্পষ্ট মত দেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, “তারা দেশের টাকা পাচার করে না, বরং দেশে আনে।” জুয়েল রানা যুক্তি দেন, কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সাররা হাড়ভাঙা পরিশ্রম করে বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসেন, তাই তাদের প্রতি সরকারের সহানুভূতিশীল হওয়া উচিত। এ যুক্তির সঙ্গে একমত হয়ে প্রধানমন্ত্রী বলেন, “নো টেনশন, আপনারা কাজ করে যান। এরকম কোনো ঘটনা ঘটবে না ইনশাআল্লাহ।”

তবে এখনো সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা প্রজ্ঞাপন প্রকাশ করা হয়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে