সীমান্তে পুশ ইন বন্ধে দিল্লিকে ১৩টি চিঠি দিয়েছে ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

0
2

ভারত থেকে বাংলাদেশে ‘পুশ ইন’ বা জোরপূর্বক অনুপ্রবেশ বন্ধের দাবিতে দিল্লিকে ইতোমধ্যে ১৩টি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (১২ জুন) ফরিদপুরের সালথা প্রেসক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে এবং ভারত থেকে যেসব পুশ ইন করার চেষ্টা হচ্ছে, সেগুলো প্রতিহত করা হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, এ ধরনের কার্যক্রম বন্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দিল্লির কাছে ১৩টি চিঠি পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভারত সরকার বিদ্যমান নীতিমালা ও কূটনৈতিক মেকানিজম ব্যবহার করে অবৈধভাবে অবস্থানরত নাগরিকদের ফেরত পাঠাবে, রাতের অন্ধকারে পুশ ইন নয়।

শামা ওবায়েদ আরও বলেন, যদি কোনো বাংলাদেশি ভারতে অবৈধভাবে থাকে, তবে বৈধ কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের ফেরত পাঠানো উচিত। একইভাবে বাংলাদেশে অবৈধভাবে থাকা ভারতীয়দেরও একই নীতিমালা অনুসরণ করে ফেরত পাঠানো হবে।

অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, মূলধারার গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমও তথ্যপ্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা উদ্বেগজনক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তির অপব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, যা প্রতিহত করতে সরকার সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি সাংবাদিকদের আহ্বান জানান, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সত্য তথ্য জনগণের কাছে তুলে ধরতে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে