মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (১১ জুন) ঘোষণা দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো হামলা চালানো হবে না। তিনি জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই তেহরানের সঙ্গে যুদ্ধ শেষ করার একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হতে পারে। এএফপি’র খবরে বলা হয়েছে, ট্রাম্পের এই ঘোষণার পর বিশ্ববাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। শেয়ার বাজারে উত্থান ঘটে এবং অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়। তবে ইরানের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত অবস্থান জানানো হয়নি।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, তেহরান ‘চুক্তিটি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।’
অন্যদিকে ট্রাম্প দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা সফল হয়েছে এবং সমঝোতা অনুমোদন পেয়েছে। তিনি জানান, “আজ সন্ধ্যায় ইরানের ওপর নির্ধারিত হামলা ও বোমাবর্ষণ বাতিল করা হয়েছে।” চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান শিগগিরই ঘোষণা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
ট্রাম্প আরও বলেন, চুক্তির সূক্ষ্ম বিষয়গুলো যুক্তরাষ্ট্র ও এর আঞ্চলিক মিত্রদের মাধ্যমে অনুমোদিত হয়েছে, যার মধ্যে ইসরাইলও রয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম এ দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। তাদের মতে, গত দুই মাসে ট্রাম্প অন্তত ৩৮ বার এমন চুক্তির ঘোষণা দিয়েছেন, যা বাস্তবে হয়নি। তারা সতর্ক করে জানিয়েছে, ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দেওয়া পর্যন্ত ট্রাম্পের বক্তব্যকে আগের মতোই বিবেচনা করা উচিত।

























