ইন্টারনেটের গতির সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি: প্রশাসক

0
14

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, ইন্টারনেটের গতির মতোই আধুনিকতার সাথে তাল মিলিয়ে এগোবে সিটি কর্পোরেশন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ধানমন্ডি আন্ডারগ্রাউন্ড কমন এক্সেস নেটওয়ার্কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রযুক্তি এখন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তাই নগর ব্যবস্থাপনায় সমন্বিত অবকাঠামো উন্নয়ন অত্যন্ত জরুরি। শুধু ইন্টারনেট নয়, টেলিফোন ও কেবল টিভি নেটওয়ার্ককেও আন্ডারগ্রাউন্ডে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রশাসক আবদুস সালাম বলেন, “ক্লিন সিটি, গ্রিন সিটি” গড়ে তুলতে আন্ডারগ্রাউন্ড অবকাঠামো অপরিহার্য। ধানমন্ডিতে এ ব্যবস্থা চালুর ফলে বাসিন্দারা তারের জটলা থেকে মুক্তি পেয়েছেন। ধীরে ধীরে এ কার্যক্রম পুরো ঢাকায় সম্প্রসারণ করা হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় ও কলেজ এলাকায় ফ্রি ইন্টারনেট জোন চালুর প্রস্তাবও দেন তিনি।

তিনি আরও বলেন, নগর উন্নয়নে সিটি কর্পোরেশন সমন্বয়কের ভূমিকা পালন করবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। ধানমন্ডির প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও লেককে বাণিজ্যিক ব্যবহার থেকে বিরত রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ এমদাদ উল বারী, আইএসপিএবি-এর সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া এবং জ্যেষ্ঠ সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিকসহ অন্যান্যরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে