পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের,অস্থিরতার মাঝেও প্রস্তুত সারাবিশ্ব

0
24

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠছে বৃহস্পতিবার। ফিফা আশা করছে, টিকিটের আকাশছোঁয়া মূল্য নিয়ে ক্ষোভ, আমেরিকার রাজনৈতিক অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের ছায়া সত্ত্বেও পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফুটবল আসরের আকর্ষণ অটুট থাকবে।

রেকর্ড ৪৮টি দল ও লক্ষ লক্ষ সমর্থক ইতিমধ্যেই তিন আয়োজক দেশে ভিড় জমাতে শুরু করেছেন। ইতিহাসে প্রথমবার তিন দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে স্থানীয় সময় বিকেল ৩টা ও বাংলাদেশ সময় রাত ১টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। প্রায় ছয় সপ্তাহব্যাপী এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ৩৮ বছর বয়সে লিওনেল মেসি কি আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় শিরোপা এনে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিতর্কের অবসান ঘটাবেন? নাকি ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনাল্ডো সময়কে হার মানিয়ে প্রতিভাবান পর্তুগালকে প্রথম বিশ্বকাপ শিরোপা এনে দেবেন? অথবা হ্যারি কেনের নেতৃত্বে ইংল্যান্ড কি ১৯৬৬ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ জিতবে?

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই আসরকে “পৃথিবী কখনও দেখেনি এমন সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী” বলে অভিহিত করেছেন। তবে টিকিটের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ে বিশ্বজুড়ে সমর্থকদের ক্ষোভ দেখা দিয়েছে। ২০২২ সালের ফাইনালের সবচেয়ে দামি টিকিট ছিল প্রায় ১,৬০০ ডলার, অথচ এবারের আসরে ফিফার বিক্রি করা সবচেয়ে দামি টিকিটের মূল্য দাঁড়িয়েছে ৩২,৯৭০ ডলার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও টিকিটের মূল্য নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।

রাজনৈতিক অস্থিরতার প্রভাবও পড়েছে বিশ্বকাপে। ইরানের তিনটি গ্রুপ ম্যাচ যুক্তরাষ্ট্রে হওয়ার কথা থাকলেও দলটি তাদের বেস ক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর তিহুয়নায় নিয়ে গেছে। খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেও প্রশাসনিক কর্মীদের অনেককে ভিসা দেওয়া হয়নি। ইরান এ ঘটনাকে বৈষম্যমূলক আচরণ হিসেবে নিন্দা করেছে।

এবারের আসরে দলসংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করায় গ্রুপ পর্বে প্রতিযোগিতা কিছুটা কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রথম রাউন্ডে ৭২টি ম্যাচ অনুষ্ঠিত হবে, বাদ পড়বে মাত্র ১২টি দল। নকআউট পর্বে উঠবে ৩২টি দল। নতুনত্ব হিসেবে প্রতিটি ম্যাচে কুলিং ব্রেক, দ্রুত বদলি সম্পন্ন করার নিয়ম এবং বর্ণবাদবিরোধী কঠোর অবস্থান কার্যকর হবে।

ফাইনাল ম্যাচে সুপার বোল ধাঁচের হাফটাইম শো আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ম্যাডোনা, শাকিরা ও বিটিএস প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন। ফলে প্রচলিত ১৫ মিনিটের বিরতির পরিবর্তে হাফটাইম বিরতি প্রায় ২৫ মিনিট দীর্ঘ হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে