সম্মিলিত প্রচেষ্টায় হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে: স্বাস্থ্যমন্ত্রী

0
23

সম্মিলিত প্রচেষ্টায় দেশে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, “সবার প্রচেষ্টায় আমরা হাম মোটামুটি একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে সক্ষম হচ্ছি। অনেক ডাক্তারদের সঙ্গে আলাপ হয়েছে, এমনকি একটি চীনা টিমের সঙ্গেও আলোচনা হয়েছে।” তিনি নিজের শৈশবের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, “আমারও ছোটবেলায় হাম হয়েছিল। তখনকার মায়েরা বলতেন, জন্মের পর একবার হাম হবেই, একবার জলবসন্ত হবেই।”

এ সময় তিনি স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানান, মায়েদের মধ্যে ‘মায়ের শাল দুধের বিকল্প নেই’—এই বার্তা আরও জোরালোভাবে ছড়িয়ে দিতে হবে। তার মতে, বর্তমানে অনেক মা ব্রেস্টফিডিংয়ে অভ্যস্ত নন। দিন দিন বুকের দুধ খাওয়ানোর প্রবণতা কমে যাচ্ছে। এর ফলে শিশুর শারীরিক গঠন দুর্বল হয়ে পড়ছে এবং তারা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “একদিকে সিজারিয়ান অপারেশনে শিশুর জন্ম, অন্যদিকে বুকের দুধ না খাওয়ানো—এগুলো শিশুকে দুর্বল করে তুলছে। একটি বাচ্চা যখন মায়ের পেটে থাকে, তখন সে মায়ের কাছ থেকেই পুষ্টি গ্রহণ করে। জন্মের পরও বুকের দুধই তার জন্য সবচেয়ে নিরাপদ ও কার্যকর পুষ্টি।”

পুষ্টিকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা ঘরে ঘরে যান, তারা যেন মায়েদের বোঝান—বাচ্চাদের অবশ্যই বুকের দুধ খাওয়াতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসক ও পুষ্টি বিশেষজ্ঞরা জানান, হাম নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি ও সচেতনতা কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি পুষ্টি ও শিশুর সঠিক যত্ন নিশ্চিত করতে মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে