ইসরায়েল-ইরান পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা

0
12

দুই মাস বিরতির পর ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। রোববার (৭ জুন) রাত থেকে শুরু হওয়া হামলা সোমবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। পরে ইরান হামলা স্থগিতের ঘোষণা দিলেও সতর্ক করেছে, লেবানন বা ইরানে আবার হামলা হলে তারা ইসরায়েলে পাল্টা আঘাত হানবে।

ইরান অভিযোগ করেছে, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চল ও বৈরুতে হামলা চালাচ্ছিল। এর জবাবে তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইরানের সমর্থনে ইয়েমেনের হুতি গোষ্ঠীও ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল তেহরান, ইসফাহান ও তাবরিজে বিমান হামলা চালায়।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইসরায়েল ইরানে বড় আকারের হামলা চালানো থেকে বিরত থাকে। ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরায়েল আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতিতে পৌঁছতে চায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহু অবশ্য হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আবার হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে।

পূর্ববর্তী প্রেক্ষাপটে দেখা যায়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানে হামলা শুরু করে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় ওয়াশিংটন ও তেহরান। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সোমবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা এখন সমঝোতার কাছাকাছি পৌঁছেছে।

বিশ্লেষকরা মনে করছেন, ইরান-ইসরায়েলের নতুন করে সংঘর্ষ যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনাকে ক্ষতিগ্রস্ত করছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক ডেভিড উডস বলেছেন, যুক্তরাষ্ট্রকে প্রথমে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে এবং লেবাননে ইসরায়েলের হামলা বন্ধে পদক্ষেপ নিতে হবে, যাতে সংকট আবারও আঞ্চলিক সংঘাতে রূপ না নেয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে