ইন্টারপোল রেড নোটিশে গ্রেফতার বেনজীর, দেশে ফেরাতে প্রস্তুতি নিচ্ছে সরকার

0
30

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গ্রেফতার করেছে দেশটির পুলিশ। রোববার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান। তিনি বলেন, গত ১২ জুন ইউএই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ফেডারেল ক্রিমিনাল পুলিশ ও ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি থেকে পাঠানো এক ই-মেইলে বাংলাদেশ সরকারকে জানানো হয় যে, বেনজীর আহমেদকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইউএই’র ফেডারেল আইন অনুযায়ী গ্রেফতারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠাতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর আওতায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে ইউএই কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করেছে। পুলিশ সদর দপ্তরের এনসিবি ঢাকা এ বিষয়ে আবেদন করেছিল এবং ২০২৫ সালের ১১ এপ্রিল ইন্টারপোল রেড নোটিশ জারি করে। এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষকে তাকে শনাক্ত ও গ্রেফতারের অনুরোধ জানানো হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় রেড নোটিশ জারি ছিল। তার বিরুদ্ধে আরও চারটি মামলার তদন্ত চলছে। সব মিলিয়ে প্রায় ৭৬ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ রয়েছে। দুদক জানিয়েছে, তাকে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসার পথে দেশ আরও একধাপ এগিয়ে যাবে। অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। তিনি মনে করেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিমূলক বিচারব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে এ ঘটনা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে