কক্সবাজার সীমান্তে বিজিবির ইতিহাসে একদিনে সর্ববৃহৎ ইয়াবা জব্দের ঘটনা ঘটেছে। শনিবার ভোর রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায় বিশেষ অভিযানে ৮ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি ৭৮ লাখ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে দুই সপ্তাহ ধরে গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণের পর বিজিবি টহলদল নাফ নদী সংলগ্ন এলাকায় চোরাকারবারীদের গতিবিধি শনাক্ত করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মাদক ফেলে মিয়ানমারে পালিয়ে যায়।
অপরদিকে একই দিন দুপুরে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকায় অভিযান চালিয়ে আরও ২ লাখ ইয়াবা উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ৬ কোটি টাকা। সব মিলিয়ে দুই অভিযানে মোট ১০ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ হয়, যার বাজারমূল্য প্রায় ৩১ কোটি ৭৮ লাখ টাকা।
বিজিবি জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একইসঙ্গে ইয়াবা পাচারকারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদকসহ সার, জ্বালানি ও ভোজ্য তেল পাচার রোধে বিজিবির কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা বদ্ধপরিকর এবং স্থানীয় জনগণের সহযোগিতায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




































