পশুবাহী গাড়ি নিয়ে টানাটানি করলে কঠোর ব্যবস্থা : ডিএমপি কমিশনার

0
6

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হাটের বাইরে পশুবাহী গাড়ি নিয়ে জোরজবরদস্তি বা টানাটানি করলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার সকালে ডিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষ সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। সভায় কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন, কাঁচা চামড়া পরিবহনের নিরাপত্তা, রাজধানীর আইনশৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

ডিএমপি কমিশনার জানান, যানজট নিয়ন্ত্রণ ও হাটের শৃঙ্খলা বজায় রাখতে হাটের নির্ধারিত সীমানার বাইরে কোনো পশু রাখা যাবে না। রাস্তায় পশুবাহী গাড়ি আটকে জোরপূর্বক হাটে নেওয়ার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জাল টাকা শনাক্তে ডিএমপির পক্ষ থেকে পশুর হাটগুলোতে বিশেষ মেশিন স্থাপন করা হবে। একইসঙ্গে ঈদের আগে ও পরে সড়কে খোঁড়াখুঁড়ি না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের বিভিন্ন সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষায়িত ইউনিট, বাংলাদেশ ব্যাংক, প্রাণিসম্পদ অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, ডিপিডিসি, ডেসকো, ঢাকা জেলা প্রশাসন, ট্যানার্স অ্যাসোসিয়েশন, লবণ ব্যবসায়ী সমিতি এবং বিভিন্ন পশুর হাটের ইজারাদারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে ঈদকেন্দ্রিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। পরে অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে