ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আগামী পাঁচ বছরে মোট ৩ লাখ গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় ‘সৃজনী বাংলাদেশ’ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মো. আব্দুস সালাম এ তথ্য জানান।
তিনি বলেন, জীবন বাঁচাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এজন্য প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে গণআন্দোলনে রূপান্তর করতে হবে। প্রশাসক জানান, ২০২৬ থেকে ২০৩০ মেয়াদে প্রতি বছর গড়ে ৬০ হাজার গাছ রোপণ করা হবে। এ লক্ষ্যে ডিএসসিসি নিজস্ব ব্যবস্থাপনায় একটি আধুনিক নার্সারি স্থাপন করবে। পাশাপাশি বন অধিদপ্তরের সহযোগিতায় ‘জিরো সয়েল’ প্রকল্প বাস্তবায়ন করা হবে, যার মাধ্যমে রাস্তার মিডিয়ান ও আইল্যান্ডগুলো সবুজে আচ্ছাদিত হবে।
জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নাগরিকরা সচেতন হলে সিটি করপোরেশনের অর্ধেক কাজ সহজ হয়ে যায়। বাকি কাজ করপোরেশন সম্পন্ন করবে। সম্মিলিত প্রচেষ্টায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ রূপকল্প বাস্তবায়ন সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচিরও উদ্বোধন করেন প্রশাসক।



































