রাজধানীর পশুর হাটে ঈদের আমেজ, বাড়ছে ক্রেতা-বিক্রেতার ভিড়

0
6

পবিত্র ঈদুল আযহা সামনে রেখে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে বাড়ছে ক্রেতা-বিক্রেতার ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরুর হাঁকডাক, দরদাম আর মানুষের উপস্থিতিতে হাটগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

ঢাকার দুই সিটি কর্পোরেশনের আওতায় এবার মোট ২৭টি পশুর হাট বসেছে। এর মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১টি এবং উত্তর সিটি কর্পোরেশনে ১৬টি হাট পরিচালিত হচ্ছে। রাজধানীর সবচেয়ে বড় গাবতলী হাটে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাকভর্তি গরু, ছাগল ও মহিষ এসে পৌঁছাচ্ছে হাটে। কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, কুমিল্লা, নওগাঁ ও রাজবাড়ীসহ বিভিন্ন এলাকার খামারিরা ভালো দামের আশায় পশু নিয়ে এসেছেন। ক্রেতাদের মধ্যে দেশি মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি। বড় গরুর দাম তুলনামূলক বেশি হলেও মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ক্রেতারা সাধ্যের মধ্যে পশু খুঁজছেন।

বিক্রেতারা বলছেন, এ বছর পশুর সরবরাহ বেশি হওয়ায় নানা দামের পশু পাওয়া যাচ্ছে। তবে ঈদের আগের শেষ দুই দিনেই সবচেয়ে বেশি বিক্রির আশা করছেন তারা।

হাটে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। জাল টাকা ঠেকাতে ব্যাংকগুলো স্থাপন করেছে শনাক্তকরণ বুথ ও টাকা গণনার মেশিন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু জানিয়েছেন, দেশে এবার কোরবানির পশুর কোনো সংকট নেই। মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর দেশে কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখের বেশি, যা সম্ভাব্য চাহিদার তুলনায় প্রায় ২২ লক্ষাধিক উদ্বৃত্ত।

রাজধানীর বিভিন্ন এলাকায় বসা হাটগুলোতে এখন ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে। ক্রেতাদের দরদাম, বিক্রেতাদের হাঁকডাক আর কোরবানির প্রস্তুতিতে নগরজীবনে যোগ হয়েছে এক ভিন্ন প্রাণচাঞ্চল্য।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে