বাংলাদেশকে এডিবির ৫ বিলিয়ন ডলার সহায়তা

0
11

বাংলাদেশ সফররত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্ডা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের উন্নয়নের অগ্রাধিকার খাতগুলো নিয়ে আলোচনা হয় এবং আগামী পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলারের অর্থায়ন প্যাকেজ দেওয়ার ঘোষণা দেয় এডিবি।

সোমবার (২৫ মে) অনুষ্ঠিত এই বৈঠকে মাসাতো কান্ডা বলেন, বাংলাদেশ একটি নতুন ধাপে প্রবেশ করছে। অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা, প্রবৃদ্ধির নতুন উৎস তৈরি এবং বহুমুখী অর্থনীতি গঠনে এডিবি সর্বাত্মক সহযোগিতা করবে। এর মাধ্যমে কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।

সফরকালে ২০২৬ সালের বার্ষিক প্রতিশ্রুতি কর্মসূচির আওতায় প্রায় ১.৪ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি সই করেছে এডিবি। এর মধ্যে মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে অর্থনীতির ওপর চাপ মোকাবিলায় অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার সহায়তা যুক্ত করা হয়েছে।

এডিবি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, এলএনজি, সার ও শিপিং খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশের অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে উচ্চ মূল্যস্ফীতি ও ব্যাংকিং খাতেও চাপ বিদ্যমান। এডিবি সরকার ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং জ্বালানি ও রপ্তানি খাতের বহুমুখীকরণে কাজ করবে।

নতুন উদ্যোগ হিসেবে ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’-এর আওতায় আগামী পাঁচ বছরে বাংলাদেশকে মোট ৫ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে। প্রতি বছর প্রায় ১ বিলিয়ন ডলার করে এই অর্থায়ন প্রদান করা হবে।

এছাড়া এডিবি বাংলাদেশের জন্য বার্ষিক সার্বভৌম সহায়তা প্রায় ২০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করেছে। ফলে বর্তমান দুই বিলিয়ন ডলারের সহায়তা বেড়ে প্রায় ২.৪ বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে। পাশাপাশি বাংলাদেশের মধ্যমেয়াদি উন্নয়ন রূপরেখা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তার জন্য দুই মিলিয়ন ডলারের কারিগরি সহায়তাও দেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে