ইসলামী ব্যাংকের আমানতকারীদের আশ্বস্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি জানিয়েছেন, আমানতকারীরা যেকোনো সময় টাকা তুলতে পারবেন এবং এ বিষয়ে কোনো সমস্যা হবে না। শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংকের হাতে কিছু টুলস রয়েছে, যা আগামী কয়েক দিনের মধ্যে প্রয়োগ করা হবে। ইসলামী ব্যাংকের জন্য জরুরি তারল্যসহায়তা (ইমার্জেন্সি লিকুইডিটি সাপোর্ট) দেওয়ার প্রয়োজন হলে তা দেওয়া হবে। তিনি আরও জানান, ব্যাংকটির পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়েছে এবং ন্যূনতম পাঁচজন সদস্য নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে।
ব্যাংকের আর্থিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে গভর্নর বলেন, জুলাই ২০২৪-এ ইসলামী ব্যাংকের ঋণ-আমানত অনুপাত ছিল ৯৩ শতাংশ, যা বর্তমানে বেড়ে ৯৭ শতাংশে দাঁড়িয়েছে। নির্ধারিত সীমা হলো ৯২ শতাংশ। তিনি জানান, ম্যানেজমেন্টকে এটি কমিয়ে আনতে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগের পর বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালক মো. আশরাফুল আলমকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে। ব্যাংকটির তারল্য সংকটের কারণে অনেক গ্রাহক টাকা তুলে নিয়েছেন, ফলে এটিএম সেবা ও কিছু শাখায় টাকা উত্তোলনে সমস্যা দেখা দিয়েছে। বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা ধার চেয়েছে।
এদিকে জাতীয় সংসদেও ইসলামী ব্যাংক নিয়ে ক্ষমতাসীন বিএনপি ও প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর মধ্যে আলোচনা ও বিতর্ক হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের আশ্বাসকে আমানতকারীদের আস্থা ফেরানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।




























