লোহালিয়া নদীর ওপর সেতুর কাজ দ্রুত শুরু হবে : সেতুমন্ত্রী

0
27

পটুয়াখালীর লোহালিয়া নদীর ওপর বহুল প্রত্যাশিত সেতু নির্মাণকাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার বগা ফেরিঘাট এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, এ সেতু নির্মাণ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি এবং সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

মন্ত্রী জানান, সেতুর ডিজাইন ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে ইমপ্লিমেন্টেশন অ্যাগ্রিমেন্ট সম্পন্ন হবে। চীনের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শেখ রবিউল আলম বলেন, “বগা সেতুর দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত শিশু আবিরার বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর তিনি আমাকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। গত ২০ দিন ধরে আমি বিষয়টি নিয়ে কাজ করছি।”

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার দেশের অবকাঠামোগত উন্নয়নে বৃহৎ কর্মযজ্ঞ হাতে নিয়েছে। আঞ্চলিক, জেলা ও বিভাগীয় মহাসড়ক সম্প্রসারণের পাশাপাশি যেসব স্থানে সেতু নির্মাণ প্রয়োজন, সেসব প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।

এ সময় স্থানীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী, ড. শফিকুল ইসলাম মাসুদ, জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে