আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো শহরে সোমবার এক মসজিদ কমপ্লেক্সে ভয়াবহ বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন সন্দেহভাজন হামলাকারী কিশোরও রয়েছে। পুলিশ জানিয়েছে, ১৮ ও ১৭ বছর বয়সী ওই দুই হামলাকারীকে একটি গাড়ির ভেতর মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছে।
সান ডিয়েগোর সুবিশাল ইসলামিক সেন্টারের বাইরে জরুরি সেবা দলের সদস্যরা প্রথমে তিনজন নিহতকে খুঁজে পান। পরে হামলাকারী দুই কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের ফুটেজে দেখা যায়, সশস্ত্র পুলিশ ও জরুরি বাহিনী এলাকায় অবস্থান নিয়েছে এবং এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।
পুলিশ প্রধান স্কট ওয়াল সাংবাদিকদের বলেন, “আমরা এটিকে বিদ্বেষমূলক অপরাধ হিসেবে গুরুত্ব দিয়ে তদন্ত করছি। এর সাথে বিদ্বেষমূলক বক্তব্যও জড়িত ছিল বলে মনে হচ্ছে।”
ঘটনার পর আশপাশের এলাকায় লকডাউন জারি করা হয় এবং বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়। পরে পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং আর কোনো হুমকি নেই।
ওয়াল আরও জানান, মাত্র চার মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। সেখানে মসজিদের সামনে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পাশাপাশি মসজিদ ও পাশের স্কুলে সক্রিয় বন্দুকধারীর উপস্থিতি মোকাবিলায় অভিযান চালানো হয়। এ সময় কাছাকাছি এলাকায় আরও গুলির খবর পাওয়া যায়, যেখানে একজন বাগান পরিচর্যাকর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হলেও তিনি গুলিবিদ্ধ হননি।

























