জয়পুরহাটের আক্কেলপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি উদ্বেগজনক হারে বেড়েছে। মাত্র পাঁচ দিনের ব্যবধানে উপজেলার দুটি ইউনিয়নে সংঘবদ্ধ চক্র ছয়টি ট্রান্সফরমার লুট করেছে।
স্থানীয়দের অভিযোগ, চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তরা গভীর নলকূপের মালিক ও চালকদের ওপর হামলা চালিয়ে হাত-পা বেঁধে মারধর করে। এরপর ট্রান্সফরমারের ভেতরের মূল্যবান কয়েল খুলে নিয়ে যায় তারা।
বুধবার রাতে সোনামুখী ইউনিয়নের চকরঘুনাথ গ্রামে নলকূপ চালক আব্দুল কুদ্দুসকে বেঁধে রেখে রাতভর নির্যাতন করা হয়। একইভাবে সম্প্রতি রুকিন্দীপুর ইউনিয়নের নওদুয়ারী মাঠে সেচপাম্প মালিক মিলনকে মারধর করে তিনটি ট্রান্সফরমার লুট করা হয়।
ভুক্তভোগীরা জানান, এর আগে চিরকুট দিয়ে মোবাইল নম্বরসহ চাঁদা দাবি করা হয়েছিল। থানায় অভিযোগ করার পরও চক্রটি সক্রিয় রয়েছে।
স্থানীয় কৃষকরা আশঙ্কা করছেন, এভাবে চলতে থাকলে সেচ কার্যক্রম ব্যাহত হবে এবং কৃষি উৎপাদনে বড় ধরনের ক্ষতি হবে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন রেজা বলেন, প্রতিটি ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অপরাধীরা ভুয়া পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সিম ব্যবহার করায় শনাক্তে জটিলতা হচ্ছে। তবে দ্রুত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।




































