চট্টগ্রামে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে দীর্ঘ এক যুগ পর আবারও ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে টাইগাররা ৫৫ রানে জয় তুলে নেয়।
প্রথম ওয়ানডে ২৬ রানে হেরে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জয় পেয়ে সমতায় ফেরে মেহেদী হাসান মিরাজের দল। শেষ ম্যাচে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে সিরিজ নিশ্চিত হয় বাংলাদেশের।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। মাত্র ৩২ রানে তিন উইকেট হারায় তারা। তবে শান্ত ও লিটন দাসের ব্যাটে দল ঘুরে দাঁড়ায়। দুজনের ১৭৮ বলে ১৬০ রানের জুটি নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ উইকেটে সর্বোচ্চ। লিটন ৯১ বলে ৭৬ রান করেন, আর শান্ত ১১৯ বলে ১০৫ রানের ইনিংস খেলেন। এটি শান্তর ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।
শেষ দিকে তাওহিদ হৃদয় (৩৩) ও মিরাজ (২২) ছোট ইনিংস খেললে বাংলাদেশ ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান সংগ্রহ করে।
২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড শুরুতেই ধাক্কা খায়। মুস্তাফিজুর রহমান ৯ ওভারে ৪৩ রানে ৫ উইকেট নিয়ে কিউইদের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। নাহিদ রানা ও মিরাজ নেন ২টি করে উইকেট।
নিউজিল্যান্ডের হয়ে ডিন ফক্সক্রফট ৭৫ এবং নিক কেলি ৫৯ রান করলেও দলকে জেতাতে পারেননি। শেষ পর্যন্ত ৪৪.৫ ওভারে ২১০ রানে অলআউট হয় তারা।
২০১৩ সালের পর প্রথমবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। এর আগে পাঁচটি সিরিজে হেরেছিল টাইগাররা। এবার তৃতীয়বারের মতো কিউইদের বিপক্ষে সিরিজ জয় পেল তারা, সবগুলোই ঘরের মাঠে।
ম্যাচে সেরা হয়েছেন শান্ত, আর সিরিজ সেরা হয়েছেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি পুরো সিরিজে ৮ উইকেট নিয়েছেন।
ওয়ানডেতে টানা তিন সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজে নামবে বাংলাদেশ। আগামী ২৭ এপ্রিল থেকে চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের সিরিজ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২৬৫/৮ (শান্ত ১০৫, লিটন ৭৬)
নিউজিল্যান্ড: ২১০/১০ (ফক্সক্রফট ৭৫, কেলি ৫৯, মুস্তাফিজ ৫/৪৩)
ফল: বাংলাদেশ ৫৫ রানে জয়ী
সিরিজ: বাংলাদেশ ২-১

































