অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: প্রধানমন্ত্রী

0
21

জাতীয় সংসদের অধিবেশনে জনকল্যাণমূলক একাধিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি স্বাস্থ্যসেবা, কৃষি ও সংসদ সদস্যদের সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তুলে ধরেন।

প্রধানমন্ত্রী জানান, আরবান এলাকায় অব্যবহৃত ২০০টি বহুতল সরকারি ভবন দ্রুততম সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাতে হস্তান্তর করা হবে। আগামী দুই মাসের মধ্যে এসব ভবনকে আধুনিক হাসপাতাল ও মাতৃসদন ক্লিনিকে রূপান্তর করা হবে। স্বাস্থ্য খাতের সংকট মোকাবিলায় সরকার ইউনিসেফের সহযোগিতায় প্রায় দুই কোটি শিশুকে হামের টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে।

কৃষি খাতে প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, দেশের ২ কোটি ৭৫ লাখ কৃষককে বিশেষ কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে তারা একসাথে ১০টি জরুরি সেবা পাবেন। পাশাপাশি আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, যন্ত্রপাতিতে ভর্তুকি, ন্যানো সার ব্যবহার এবং আধুনিক কোল্ডস্টোরেজ স্থাপনের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সংসদ সদস্যদের বিলাসিতা কমানোর বিষয়ে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, এখন থেকে কোনো সংসদ সদস্য ট্যাক্স-ফ্রি গাড়ি বা সরকারি প্লট সুবিধা নেবেন না। সরকারি গাড়ি প্রয়োজনে ব্যবহার করা যাবে, তবে তা ব্যক্তিগত সম্পদ হিসেবে গণ্য হবে না।

শিশুদের জন্য নতুন উদ্যোগ হিসেবে চলতি অর্থবছরে ২ লাখ শিশুকে বিনা মূল্যে স্কুল ড্রেস, পাটের ব্যাগ ও জুতা দেওয়া হবে। প্রধানমন্ত্রী আরও জানান, আইনের শাসন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। একইসঙ্গে সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে