ক্যাডেটদের দক্ষতায় সমুদ্রপথে এগোবে বাংলাদেশ: নৌমন্ত্রী

0
28

চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেডে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেটরা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। সমুদ্রপথে দেশের অগ্রযাত্রায় তারাই হবে নতুন শক্তি।

শনিবার (১৮ এপ্রিল) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং শারীরিক ও মানসিক পূর্ণ বিকাশই এর মূল লক্ষ্য। তিনি ক্যাডেটদের উদ্দেশে বলেন, “তোমরা জাতির সম্পদ। বিশ্বের বিভিন্ন বন্দরে গিয়ে বাংলাদেশের পরিচয় তুলে ধরবে।”

মন্ত্রী আরও বলেন, যারা সমুদ্রে কাজ করবে তারা ইতোমধ্যে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিয়েছে। জাহাজ ব্যবস্থাপনা কিংবা নৌ চলাচল—যেখানেই দায়িত্ব পালন করুক না কেন, দৃঢ়তা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি উল্লেখ করেন, পৃথিবীর প্রায় ৭০ শতাংশ জলভাগ। একসময় এই বিশাল জলরাশি ছিল দুর্গম, কিন্তু আধুনিক বিশ্ব সেই সীমাবদ্ধতা অতিক্রম করেছে। বাংলাদেশের তরুণদেরও এই সম্ভাবনাময় খাতে আরও বেশি সম্পৃক্ত হতে হবে।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে নৌমন্ত্রী বলেন, দক্ষতাভিত্তিক শিক্ষা কর্মসংস্থানের পথ খুলে দেয়। ১৯৯০-এর দশকে প্রতিষ্ঠিত মেরিটাইম প্রশিক্ষণব্যবস্থা থেকে ইতোমধ্যে হাজারো দক্ষ জনশক্তি তৈরি হয়েছে, যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে এ খাত আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

ক্যাডেটদের স্বাস্থ্যসচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি দীর্ঘ সময় রোদে দায়িত্ব পালনের সময় সুরক্ষার বিষয়েও গুরুত্ব দেন।

অনুষ্ঠানে মেরিটাইম ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। ক্যাডেটদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও দক্ষতা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে