রাজধানী ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় দালাল চক্রের বিরুদ্ধে র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
র্যাব-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দালাল চক্র পাসপোর্ট প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে ফরম পূরণ, সত্যায়ন, কাগজপত্র ঘাটতি পূরণ, এমনকি ভুয়া কাগজপত্র ব্যবহার করে দ্রুত পাসপোর্ট তৈরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করছিল। তারা ব্যাংকে টাকা জমা দিতে আসা সাধারণ মানুষকেও টার্গেট করত।
অভিযান পরিচালনা করেন র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. যুবায়ের। গ্রেফতারের পর আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।




































