পাঁচ বছরে বরিশালে তরমুজের আবাদ দ্বিগুণ

0
14

বরিশাল বিভাগে গত পাঁচ বছরে তরমুজের আবাদ দ্বিগুণ হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থ বছরে যেখানে ৪৬ হাজার ৪৫১ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছিল, ২০২৫-২৬ অর্থ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজার ৩৬২ হেক্টরে। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছিল ৬২ হাজার ৬২৬ হেক্টর জমি, তবে মৌসুম শেষ হওয়ার আগেই তা ছাড়িয়ে গেছে।

সরেজমিনে দেখা যায়, ভোলা, বরগুনা ও পটুয়াখালী থেকে কৃষকরা ট্রলার বোঝাই করে তরমুজ নিয়ে আসছেন বরিশাল নগরীর পোর্ট রোড ও বালুর ঘাটে। সেখান থেকে আড়তদাররা দেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন। কৃষকরা জানিয়েছেন, এ বছর ফলন ভালো হলেও বাজারে দাম কিছুটা কম। ভোলার কৃষক বারেক ভুঁইয়া জানান, সাড়ে তিন একর জমিতে তরমুজ চাষে তার ৭ লাখ টাকা খরচ হয়েছে। কৃষক সবুজ মিয়া বলেন, তাদের উৎপাদন ভালো হয়েছে এবং আশা করছেন ভালো দাম পাবেন।

আড়তদাররা জানান, আকারভেদে প্রতি ১০০টি তরমুজ ৫ হাজার থেকে ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ভোক্তাপর্যায়ে তরমুজের দাম ১৫০ থেকে ৫০০ টাকার মধ্যে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কৃষক যাতে ভালো দাম পান সে লক্ষ্যে তারা কাজ করছে। অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মাদ নজরুল ইসলাম সিকদার বলেন, পাইকাররা বেশি আসায় দর কষাকষির মাধ্যমে কৃষকরা আগের চেয়ে ভালো দাম পাচ্ছেন।

কৃষি বিপণন অধিদপ্তরের আঞ্চলিক ব্যবস্থাপক এসএম মাহবুব আলম জানান, দক্ষিণাঞ্চলের চরগুলোতে এখন বিপুল পরিমাণ তরমুজ উৎপাদিত হচ্ছে। প্রায় বিশ লাখ মেট্রিক টন তরমুজ উৎপাদনের আশা করা হচ্ছে। ফলে বরিশাল বিভাগ এখন দেশের অন্যতম প্রধান তরমুজ উৎপাদন অঞ্চলে পরিণত হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে