ইরানে পারমাণবিক বোমা হামলা চালানোর সম্ভাবনা নাকচ করেছে আমেরিকার প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যে পারমাণবিক হামলার কোনো ইঙ্গিত ছিল না বলেও দাবি করেছে তারা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কঠোর আলটিমেটাম কার্যকরে মার্কিন বাহিনীর হাতে এমন কিছু অস্ত্র রয়েছে, যা ‘এখনও ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়নি’—ভ্যান্সের এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। এ নিয়ে হোয়াইট হাউস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। সেখানে বলা হয়, “ভাইস প্রেসিডেন্ট যা বলেছেন তাতে আক্ষরিক অর্থেই এমন কিছুর আভাস নেই।”
সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সংশ্লিষ্ট একটি অ্যাকাউন্টের পোস্টে দাবি করা হয়েছিল যে, ট্রাম্প ‘পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন’—ভ্যান্স এমন ইঙ্গিত দিয়েছেন। এর জবাবে হোয়াইট হাউস স্পষ্ট করে জানায়, ভ্যান্সের বক্তব্যে পারমাণবিক হামলার কোনো ইঙ্গিত নেই।
এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে হোয়াইট হাউসের দাবি, ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নেই এবং এ ধরনের ব্যাখ্যা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা।

























