দেশে হামে আক্রান্ত হয়ে ও হাম রোগের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৫ জনে। সোমবার (২৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নিশ্চিত হামে একজন এবং সন্দেহজনক হামে ১৬ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৮৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা ৪৫৮ জন।
এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৭১৯ জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯৪০। হাসপাতালে ভর্তি হয়েছে ৫১ হাজার ৫৮৫ জন এবং সুস্থ হয়ে ছাড়া পেয়েছে ৪৭ হাজার ৬১৯ জন।
বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, নিশ্চিত হামে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকায়—৫১ জন। বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেটে তিন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দুজন করে মারা গেছে।
সন্দেহজনক হামেও সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে—১৮০ জন। এরপর রাজশাহীতে ৮২ জন, সিলেটে ৫৩, চট্টগ্রামে ৪৪, ময়মনসিংহে ৩৮, বরিশালে ৩৪, খুলনায় ২১ এবং রংপুরে ছয়জন প্রাণ হারিয়েছে।




























