কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে: ক্ষতিগ্রস্তদের পাশে সরকারের আশ্বাস

0
5

রাজধানীর কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। সোমবার (২৫ মে) রাত ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় একে একে মোট ১৫টি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পানির তীব্র সংকটের কারণে ফায়ার ফাইটারদের প্রচণ্ড বেগ পেতে হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে থাকার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, জরুরি খাদ্য সহায়তার জন্য প্রায় ১০ লাখ টাকার বিশেষ তহবিল বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে গৃহহীন হয়ে পড়া মানুষদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, আগুনের পেছনে নাশকতার সন্দেহে পুলিশ তদন্ত শুরু করেছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া সম্প্রতি পরিচালিত উচ্ছেদ অভিযানের ক্ষোভ থেকে আগুন লাগানো হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে।

ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে, যাতে প্রকৃত ক্ষতিগ্রস্তরা সরকারি সহায়তা ও পুনর্বাসন সহযোগিতা পান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে