দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৫৪ দিনে হাম ও হামের উপসর্গে মোট ৩৪৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ৫৮ জন, আর উপসর্গজনিত কারণে মৃত্যু হয়েছে ২৮৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবার (৮ মে) প্রকাশিত সর্বশেষ বুলেটিনে জানানো হয়, নতুন করে ২৮২ জনের শরীরে এই ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ শনাক্ত হয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে—১৩২ জন। রাজশাহী বিভাগে মারা গেছে ৭৮ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে হামের লক্ষণ নিয়ে এসেছে ১ হাজার ২১২ জন, যাদের মধ্যে ৯৫০ জন ভর্তি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত শিশুর মধ্যে তিনজন সিলেট বিভাগের, দুইজন ঢাকা বিভাগের এবং খুলনা ও বরিশাল বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে একই সময়ে সারাদেশে হাসপাতাল থেকে ৯১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।




























