মুখ্যমন্ত্রী পদ থেকে মমতাকে অব্যাহতি, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

0
24

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভারতীয় সংবিধানের ১৭৪ নম্বর ধারার ২(বি) উপধারা প্রয়োগ করে রাজ্যপাল আর এন রবি বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে রাজ্য বিধানসভা ভেঙে দেন। রাজ্যের মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা কর্তৃক প্রকাশিত গেজেট নোটিফিকেশনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। রাজ্যপাল রবি জানান, সংবিধান তাকে আইনসভা ভেঙে দেওয়ার যে নিরঙ্কুশ ক্ষমতা দিয়েছে, তিনি সেই অধিকার ব্যবহার করেই এই পদক্ষেপ নিয়েছেন।

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৭ মে’র মধ্যে পদত্যাগপত্র জমা দেওয়ার সময়সীমা দেওয়া হয়েছিল। তবে তিনি সংবাদ সম্মেলনে স্পষ্ট করে জানান, নির্বাচনে তিনি হারেননি, তাই ইস্তফা দেওয়ার প্রশ্নই ওঠে না। নিজেকে ‘রাস্তার মানুষ’ হিসেবে উল্লেখ করে মমতা ঘোষণা করেন যে তার রাজনৈতিক লড়াই এখন থেকে রাজপথেই চলবে। এই অবস্থানের পর ‘ইন্ডিয়া’ জোটের অন্যতম নেতা অখিলেশ যাদব ঘোষণা দেন যে মমতার পাশে ঐক্যবদ্ধভাবে থাকবে জোট।

রাজনৈতিক অস্থিরতার মধ্যেই রাজ্যে সহিংসতার ছায়া আরও ঘনীভূত হয়েছে। মধ্যমগ্রামের দোহারিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাতের এই হামলায় তার গাড়িচালকও গুলিবিদ্ধ হন। শুভেন্দু অভিযোগ করেন, ভবানীপুরে মমতাকে পরাজিত করার কারণেই তার সহকারী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তিনি দোষীদের কঠোরতম শাস্তি দাবি করেছেন।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ দল গঠন করে তদন্ত শুরু হয়েছে এবং হামলাকারীদের ব্যবহৃত মোটরবাইক উদ্ধার করা হয়েছে। তবে মূল পরিকল্পনাকারী বা সরাসরি জড়িতদের বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। একদিকে বিধানসভা বিলুপ্তি, অন্যদিকে রাজনৈতিক হত্যাকাণ্ড—সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ সংঘাতপূর্ণ ও উত্তাল সময়ের দিকে এগোচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে