হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0
15

২০২৬ সালের প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাত ১১টা ৫৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট উদ্বোধন করেন তিনি। এরপর রাত ১২টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০০১ ফ্লাইট সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। এতে ৪১৮ জন হজযাত্রী ছিলেন।

এর আগে রাত ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী আশকোনা হজ ক্যাম্পে পৌঁছে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। তিনি যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন এবং ক্যাম্পে অবস্থানরত হজযাত্রীদের সঙ্গে মোনাজাতে অংশ নেন। এ সময় একটি মেডিকেল ক্যাম্পেরও উদ্বোধন করেন তিনি।

বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী হজযাত্রীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন এবং তাদের সঙ্গে মোনাজাত করেন। তিনি বলেন, “আমরা সরকার গঠন করেছি ফেব্রুয়ারির ১৮ তারিখে। এবার হজের ব্যবস্থাপনা হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের প্রথমদিকে। তাই খুব বেশি কিছু করার সুযোগ পাইনি। তবে এবার ১২ হাজার টাকা খরচ কমাতে পেরেছি। আশা করি আগামী বছর আরও কমানো সম্ভব হবে।”

হজযাত্রীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আল্লাহর ঘরে যাচ্ছেন। দেশের জন্য দোয়া করবেন যাতে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। আমি দোয়া করি আপনারা যেন সুস্বাস্থ্য নিয়ে দেশে ফিরতে পারেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম দিন মোট ১৪টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছয়টি, সৌদিয়া এয়ারলাইন্স চারটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স চারটি ফ্লাইট পরিচালনা করবে।

২০২৬ সালে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে যাবেন। চুক্তি অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০ শতাংশ হজযাত্রী পরিবহন করবে, সৌদিয়া এয়ারলাইন্স ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ পরিবহন করবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে এবং চলবে ১ জুলাই পর্যন্ত।

এই উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বাংলাদেশের হজ ফ্লাইট কার্যক্রম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে