স্বাস্থ্য সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মালদ্বীপ বৈঠক

0
7

মালদ্বীপ সরকার তাদের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক চিকিৎসক, থেরাপিস্ট, নার্স এবং স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি মালেতে মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী গিলা আলীর সাথে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, মালদ্বীপে জরুরি ভিত্তিতে প্রায় ৫০ জন থেরাপিস্টের প্রয়োজন রয়েছে। তিনি বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, মালদ্বীপ সরকার বাংলাদেশ থেকে আরও বেশি চিকিৎসক ও থেরাপিস্ট নিয়োগে আগ্রহী।

হাইকমিশনার নাজমুল ইসলাম আশ্বস্ত করেন যে, বাংলাদেশ ইতোমধ্যে এ বিষয়ে দাপ্তরিকভাবে পদক্ষেপ নিয়েছে এবং শিগগিরই দক্ষ স্বাস্থ্যকর্মীদের একটি দল মালদ্বীপে যোগ দেবে।

এছাড়া মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ওষুধ শিল্পের অগ্রগতির প্রশংসা করে সরকারি পর্যায়ে সরাসরি মানসম্মত ওষুধ আমদানির আগ্রহ প্রকাশ করেন। এ লক্ষ্যে মালদ্বীপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশ সফর করবে।

বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) নবায়ন ও আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে মেডিকেল ইন্টার্নশিপ ও শিক্ষাবৃত্তির সুযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

উভয় পক্ষই বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে কৌশলগত স্বাস্থ্য সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে