পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আগামী ২৩ থেকে ২৬ মে পর্যন্ত চীন সফরে যাচ্ছেন। বৃহস্পতিবার (২১ মে) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, সফরকালে চীন ও পাকিস্তানের শীর্ষ নেতারা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গভীর আলোচনা করবেন। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এ সফরকে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে।
চীনের মুখপাত্র আরও জানান, শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধে পাকিস্তান যেন ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে, সে বিষয়ে চীন সমর্থন জানায়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে চীন ও পাকিস্তান উভয় দেশই কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। তবে সফরে ইরান যুদ্ধের বিষয়টি আলোচনায় আসবে কি না, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

























