সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন

0
3

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তাদের নামের গেজেট প্রকাশ করবে।

বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত সময়ে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় শূন্য আসনের বিপরীতে সমান সংখ্যক প্রার্থী থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

ইসির যুগ্ম সচিব ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান জানান, বৈধ প্রার্থীদের তালিকা কমিশনে উপস্থাপন করে গেজেট প্রকাশের পর তা সংসদ সচিবালয়ে পাঠানো হবে। এরপর শপথ অনুষ্ঠান আয়োজন করা হবে।

নির্বাচিতদের মধ্যে ক্ষমতাসীন বিএনপি জোটের ৩৬ জন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থী রয়েছেন।

এদিকে, সংরক্ষিত ৫০ আসনের মধ্যে একটি আসন নিয়ে এখনো আইনি প্রক্রিয়া চলছে। এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র সময়মতো জমা না দেওয়ায় তা গ্রহণ করা হয়নি। তিনি হাইকোর্টে রিট করলে আদালত ইসিকে ৭২ ঘণ্টার মধ্যে তার মনোনয়ন যাচাই-বাছাই করে নিষ্পত্তির নির্দেশ দেন।

অন্যদিকে, সরকারি চাকরি ছাড়ার পর তিন বছর পূর্ণ না হওয়ায় জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তিনি আপিল করেছেন কিনা সে বিষয়ে কমিশন এখনো অবগত নয়।

নুসরাত তাবাসসুমের বিষয়টি নিষ্পত্তির পর আইন অনুযায়ী বাকি আসনটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে