মা দিবসে ‘মা পদক’ পাচ্ছেন অভিনেত্রী ববিতা

0
11

কিংবদন্তী অভিনেত্রী ববিতা চলতি বছর একের পর এক সম্মাননা অর্জন করছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা ও একুশে পদকপ্রাপ্ত এই অভিনেত্রী সম্প্রতি দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। পেয়েছেন ‘হুস হু’ পুরস্কার এবং আগামী ২৬ জুলাই যুক্তরাষ্ট্রে ‘আনন্দ মেলা’র আজীবন সম্মাননা গ্রহণ করবেন।

এরই মধ্যে তিনি জানিয়েছেন, আসন্ন বিশ্ব মা দিবস উপলক্ষে আগামী ১০ মে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাকে মা পদক ২০২৬ প্রদান করা হবে। এ পুরস্কার দিচ্ছে ‘আলী-রূপা ফাউন্ডেশন’।

ববিতা বলেন, “চলচ্চিত্রে অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা, একুশে পদক পেয়েছি। কিন্তু চলচ্চিত্রে মায়ের ভূমিকায় অভিনয় এবং আমার একমাত্র সন্তান অনিককে মানুষের মতো মানুষ করার কারণে বিশ্ব মা দিবসে মা পদক পেতে যাচ্ছি ভেবে ভালো লাগছে।” তিনি আলী-রূপা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করছে ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’। চলতি বছরে সংস্কৃতি অঙ্গন থেকে ছয়জন, সাংবাদিকতায় দুইজন এবং ব্যাংক, আইন বিচার, বিমানবাহিনী ও ডাক্তারি পেশায় সফল ও গর্বিত সন্তানের মায়েদের মধ্যে মোট ১২ জনকে এই পদক দেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে