নিগার-রিতুর নৈপুণ্যে প্রথম জয় পেল বাংলাদেশ নারী দল

0
26

স্কটল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার (২ জুন) এডিনবার্গে নিজেদের তৃতীয় ম্যাচে টাইগ্রেসরা স্বাগতিক স্কটল্যান্ডকে ৩৪ রানে হারায়। এই জয়ে ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। শীর্ষে রয়েছে স্কটল্যান্ড (৪ পয়েন্ট) এবং তলানিতে নেদারল্যান্ডস (২ ম্যাচে ২ পয়েন্ট)।

এর আগে প্রথম দুই ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৮ উইকেটে এবং নেদারল্যান্ডসের কাছে ৮ রানে হেরেছিল বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটিং ও রিতু মনির দুর্দান্ত বোলিংয়ে জয় নিশ্চিত হয়।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ২৩ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর অধিনায়ক নিগার ও সোবহানা মোস্তারি চতুর্থ উইকেটে ৫৮ বলে ৭৭ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন। মোস্তারি ৩১ বলে ৩৯ রান করেন, আর নিগার ৪৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেন—যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৩তম হাফ-সেঞ্চুরি। শেষ দিকে স্বর্ণা আক্তারের ২০ রানে বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেটে ১৫২ রান তোলে।

জবাবে স্কটল্যান্ড শুরুতেই বাংলাদেশের দুই পেসার মারুফা আক্তার ও সানজিদা আক্তার মেঘলার তোপে ১ রানে ২ উইকেট হারায়। এরপর ছোট ছোট জুটিতে লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও রিতু মনির নিয়ন্ত্রিত বোলিংয়ে স্কটিশ ব্যাটাররা বড় ইনিংস গড়তে ব্যর্থ হয়। রিতু মনি ১২ রানে ৪ উইকেট নেন, যার মধ্যে ইনিংসের ১৮তম ওভারে টানা ৩ উইকেট। স্কটল্যান্ড ১৯ ওভারে ১১৮ রানে অলআউট হয়। দলের হয়ে সারা ব্রাইস সর্বোচ্চ ৪০ রান করেন।

ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগামী ৪ জুন লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে