দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নেই বাজেটের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

0
15

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় বাজেটের মূল লক্ষ্য হচ্ছে অর্থনীতির গণতন্ত্রীকরণ এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় যুক্ত করা। মঙ্গলবার (২ জুন) রাজধানীতে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বাজেটে প্রথমেই নিম্ন আয়ের মানুষ, গৃহিণী ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে সরাসরি উপকারভোগীদের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা হবে, যাতে কোনো রাজনৈতিক প্রভাব বা মধ্যস্বত্বভোগীর সুযোগ না থাকে। কৃষকদের জন্য ‘ফার্মার্স কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

স্বাস্থ্য খাতে মানুষের অতিরিক্ত ব্যয় কমাতে সরকার ইউনিভার্সাল ও প্রাইমারি হেলথ কেয়ার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান ছাড়াও বেসরকারি খাত ও এনজিওগুলোকে সম্পৃক্ত করা হবে।

অর্থমন্ত্রী আরও জানান, কামার, কুমার, তাঁতি, ক্ষুদ্র কারুশিল্পী, থিয়েটারকর্মী ও সাংস্কৃতিক কর্মীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ কর্মসূচি নেওয়া হয়েছে। দক্ষতা উন্নয়ন, ঋণ প্রদান, ডিজাইন সহায়তা, ব্র্যান্ডিং ও বাজারজাতকরণে সহযোগিতা দেওয়া হবে। তার মতে, জিডিপি শুধু শিল্প-কারখানা থেকে আসে না; সংস্কৃতি, ক্রীড়া ও কারুশিল্পও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

ব্যবসা-বাণিজ্যে অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ ও আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে একটি ‘নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিনিয়োগ ও ব্যবসার অনুমোদন নির্ধারিত সময়সীমার মধ্যে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বাজেট বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্প পর্যবেক্ষণে ড্যাশবোর্ড ব্যবস্থা চালু হবে, যাতে বিলম্ব বা দায়ী ব্যক্তিদের দ্রুত শনাক্ত করা যায়।

পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠন করা হচ্ছে। নতুন কমিশনে পেশাদার ও অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে, যা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারের সংস্কার উদ্যোগগুলো দেশের অর্থনীতিকে ধীরে ধীরে স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নেবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে