সারাদেশে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিস্তার ঘটছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, নির্বাচনের মাধ্যমে জনগণের জনরায়কে অস্বীকার করা হয়েছে। এই পরিস্থিতিতে দেশের সামগ্রিক ক্ষমতা কাঠামো পরিবর্তনের লক্ষ্যে একটি শক্তিশালী বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বান জানান তিনি।
রোববার (১৯ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “আমরা কেবল দল বা ব্যক্তির পরিবর্তন চাই না; আমরা সামগ্রিক ক্ষমতা কাঠামোর পরিবর্তন চাই। এমন একটি বাংলাদেশ চাই যেখানে সার্বভৌমত্বের প্রশ্নে জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে।”
তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার আওয়ামী লীগের জায়গায় প্রতিস্থাপিত হলেও দলীয়করণ ও প্রতিষ্ঠান ধ্বংসের ধারা অব্যাহত রয়েছে। বিচার বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কারের সম্ভাবনা নষ্ট করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ব্যারিস্টার সানি ছাড়াও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিচ্ছেন। সাবেক রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব না দিয়ে তিনি স্পষ্ট করেন, “আজ থেকে যারা এনসিপিতে আসবে, তারা এনসিপির সংগঠক হিসেবেই পরিচিত হবে।” তবে দুর্নীতি, চাঁদাবাজি বা গণহত্যার দায়ে অভিযুক্ত কোনো ব্যক্তিকে দলে স্থান দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থান থেকে তৈরি হওয়া আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সব ধর্ম, বর্ণ, মত ও শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলাই এনসিপির মূল লক্ষ্য।




































