তারল্য সংকটে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা চাইল ইসলামী ব্যাংক

0
24

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তারল্য সংকটে পড়ে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার বিশেষ সহায়তা চেয়েছে। চেয়ারম্যান নিয়োগকে ঘিরে চলমান অস্থিরতার কারণে ব্যাংকটিতে আমানত উত্তোলন বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদের ছুটির পর টানা পাঁচ কার্যদিবসে জমার তুলনায় প্রায় ৪ হাজার ৩০০ কোটি টাকা বেশি উত্তোলন হয়েছে। এর ফলে বিধিবদ্ধ নগদ জমা (সিআরআর) সংরক্ষণে চাপ পড়েছে। এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের কাছে আনুষ্ঠানিকভাবে বিশেষ তহবিলের আবেদন করা হয়েছে।

ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জানান, বাংলাদেশ ব্যাংকে রক্ষিত হিসাবে এখনও পর্যাপ্ত অর্থ রয়েছে। তবে সিআরআর ঘাটতি মোকাবিলা ও ভবিষ্যৎ প্রস্তুতির অংশ হিসেবে বিশেষ সহায়তা চাওয়া হয়েছে। চলতি হিসাবে আগে ৭ হাজার ১৫ কোটি টাকার বেশি অর্থ থাকলেও বর্তমানে তা কমে প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকায় নেমে এসেছে।

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পর ২০২২ সাল থেকে ইসলামী ব্যাংক সংকটে পড়ে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটিতে সুশাসন ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নেয়। সম্প্রতি সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীরা তার নিয়োগ বাতিলের দাবি জানাচ্ছেন।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপের হাতে। অন্তর্বর্তী সরকারের সময়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়। সম্প্রতি ব্যাংকটির চেয়ারম্যান ও এমডি পদত্যাগ করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে