জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৩ হাজার ৮৯০ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নতুন ও সংশোধিত প্রকল্পগুলো উপস্থাপন করা হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে ১২টি প্রকল্প উপস্থাপন করা হয়, যার মধ্যে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ, ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ, আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নীতকরণ, সার্কিট হাউজ ও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন, শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ, ঢাকা সিএমএইচে ক্যানসার সেন্টার নির্মাণ, মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়ন, ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন প্রকল্প।
সভায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং সচিবরা উপস্থিত ছিলেন।
এটি চলতি অর্থবছরের ১২তম এবং বিএনপি সরকারের চতুর্থ একনেক সভা।
গত ১৮ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় নতুন অর্থবছরের জন্য ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি ৮৩ লাখ টাকার এডিপি অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে গত ১২ মে ৩৩ হাজার কোটি টাকার বেশি ব্যয়ের ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পসহ মোট নয়টি মেগা প্রকল্পের অনুমোদন দেয়া হয় একনেক সভায়।




























