বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রোববার (৭ জুন) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত পরিচালকদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি হন।
এবারের নির্বাচনে ঢাকা ভিত্তিক ক্লাব ক্যাটাগরি-২ থেকে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে তামিম ইকবাল পরিচালক নির্বাচিত হন। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট করে পেয়েছেন সৈয়দ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। এছাড়া মাসুদুজ্জামান ৭০ ভোট এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক ৬৮ ভোট পান।
সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। নবগঠিত ২৩ সদস্যের বিসিবি বোর্ডে বিভাগীয় ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে ১০ জন প্রতিনিধি, ঢাকা ক্লাব থেকে ১২ জন প্রতিনিধি এবং ক্যাটাগরি-৩ থেকে একজন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক আরও দুইজন পরিচালক মনোনীত হয়েছেন।
দিনভর শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটগ্রহণ চলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি তামিম ইকবালকে অভিনন্দন জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেন, মাঠের ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন একজন সফল অধিনায়কের নেতৃত্বে দেশের ক্রিকেট নতুন দিগন্তে প্রবেশ করবে। তিনি আশা প্রকাশ করেন, তামিম ইকবালের নেতৃত্বে বিসিবি আরও পেশাদার ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে এবং ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
বিসিবির নির্বাচিত পরিচালকের তালিকা :
ক্যাটাগরি-১ (বিভাগীয় ও জেলা সমিতি)
ঢাকা বিভাগ : সাঈদ বিন জামান, এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ।
চট্টগ্রাম বিভাগ : মিনহাজুল আবেদিন নান্নু, মঈন উদ্দিন চৌধুরি।
খুলনা বিভাগ : শফিকুল আলম, শান্তনু ইসলাম
রাজশাহী বিভাগ : মীর শাকরুল আলম
রংপুর বিভাগ : মির্জা ফয়সাল আমিন
সিলেট বিভাগ : আব্দুল কাইয়ুুম চৌধুরী
বরিশাল বিভাগ : মিজানুর রহমান
ক্যাটাগরি-২ (ক্লাব প্রতিনিধি) :
তামিম ইকবাল, মাসুদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শাহনিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ ও শফিক আহমেদ।
ক্যাটাগরি-৩
সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

























