প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালামের উদ্যোগে রাজধানীর গুরুত্বপূর্ণ জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও পানিপ্রবাহ সচল করার কাজ শুরু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম খালের বর্তমান অবস্থা ও পরিষ্কার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
ডিএসসিসি প্রশাসক জানান, জলাবদ্ধতা নিরসনে খালটিকে বুড়িগঙ্গা নদীর সাথে সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও প্রাথমিক পরিষ্কার কার্যক্রম চলছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জিয়া সরণি খালের উন্নয়নে ৩০০ কোটি টাকার প্রকল্প বরাদ্দ দেওয়া হয়েছে। জুলাই থেকে স্থায়ী গাইডওয়াল, সৌন্দর্যবর্ধন ও ওয়াকওয়ে নির্মাণ শুরু হবে।
এছাড়া প্রশাসক আব্দুস সালামের দায়িত্ব গ্রহণের পর ৯০০ কোটি টাকার শ্যামপুর খাল উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে। এখানে আধুনিক নেটিং ব্যবস্থা ও হাঁটার রাস্তা তৈরি করা হবে।
প্রতিমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার কেবল ‘জিয়া’ নামের কারণে জনগুরুত্বপূর্ণ এই খাল অবহেলা করেছে।
তিনি স্থানীয় নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ময়লা সিটি কর্পোরেশনের নির্ধারিত ড্রামে ফেলতে হবে। প্রতিটি ব্লকে সচেতন নাগরিক কমিটি গঠন করা হবে, যারা ডিএসসিসির সাথে সমন্বয় করে খালের রক্ষণাবেক্ষণ মনিটর করবে। সব মিলিয়ে জিয়া সরণি ও শ্যামপুর খাল আধুনিকায়নে মোট ১২শ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।




































