অস্ট্রেলিয়ান তরুণ গাউটের ঝড়ো দৌড়ে নতুন রেকর্ড

0
12

অস্ট্রেলিয়ার অ্যাথলেটিকসে নতুন ইতিহাস গড়লেন দক্ষিণ সুদান বংশোদ্ভূত তরুণ স্প্রিন্টার গাউট গাউট। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তিনি ২০০ মিটার দৌড়ে সময় নিয়েছেন মাত্র ১৯.৬৭ সেকেন্ড, যা অস্ট্রেলিয়ার নতুন জাতীয় রেকর্ড। একই সঙ্গে অনূর্ধ্ব–২০ বিভাগে এটি ইতিহাসের দ্বিতীয় সেরা টাইমিং।

গাউটের এই অর্জন তাকে কিংবদন্তি উসেইন বোল্টের সাথেও তুলনায় নিয়ে এসেছে। বোল্ট একই বয়সে সর্বোচ্চ ১৯.৯৩ সেকেন্ডে দৌড়েছিলেন। ফলে গাউট বয়সভিত্তিক পারফরম্যান্সে বোল্টকে ছাড়িয়ে গেছেন। অনূর্ধ্ব–২০ বিভাগে সর্বোচ্চ দ্রুততম সময়ের রেকর্ড যুক্তরাষ্ট্রের এরিয়ন নাইটনের, যিনি ২০২২ সালে ১৯.৪৯ সেকেন্ডে দৌড়েছিলেন।

কুইন্সল্যান্ডে জন্ম নেওয়া গাউট এর আগে বাতাসের সহায়তায় ১৯.৮৪ সেকেন্ডে দৌড়েছিলেন, যা বৈধ হিসেবে গণ্য হয়নি। এবার সম্পূর্ণ বৈধ দৌড়ে নিজের সামর্থ্য প্রমাণ করে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। গাউট বলেন, “এ রকম টাইমিং করার মতো গতি ও শারীরিক সক্ষমতা আমার আছে—এটি জানতে পেরে আমার কাঁধ থেকে যেন বড় একটি বোঝা নেমে গেল।”

তার কোচ ডি শেফার্ডও বিস্ময় প্রকাশ করে জানান, তিনি আশা করেছিলেন গাউট ২০ সেকেন্ডের নিচে দৌড়াবেন, তবে এত কম সময়ে হবে তা কল্পনাও করেননি। একই প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়া অ্যাইডেন মারফিও ১৯.৮৮ সেকেন্ডে দৌড়ে নজর কাড়েন, যা অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সময়।

গাউটের এই সাফল্য অস্ট্রেলিয়ান অ্যাথলেটিকসে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, তার গতি ও শারীরিক সক্ষমতা ভবিষ্যতে বিশ্বমঞ্চে বড় চমক নিয়ে আসতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে