জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, ধীরে ধীরে বাংলাদেশকে ট্যাক্স হলিডে (কর রেয়াত) সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। তিনি জোর দিয়ে বলেন, কর কম হোক বা বেশি—সবাইকে কর দিতে হবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে এনবিআর ভবনে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন। আলোচনায় বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন (বিইএ), বাংলাদেশ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব ট্রান্সফরমার্স অ্যান্ড সুইচগিয়ারস (বিএমএটিএস)সহ ১০টি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, ট্যাক্স হলিডে সংস্কৃতির কারণে ব্যবসায়ীরা কর ছাড়ের সুযোগ নিয়ে বিভিন্ন খাতে ব্যবসা স্থানান্তর করেন, যা পুরো ব্যবস্থায় লিকেজ তৈরি করে। তিনি আরও বলেন, ট্যাক্স দিয়ে যদি ব্যবসা টেকসই হয়, তবে উদ্যোক্তারা এগিয়ে আসবেন; আর না হলে আসবেন না।
সভায় বিইএ প্রতিনিধি হারেস মোহাম্মদ অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের জটিলতার কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, পূর্বের ম্যানুয়াল রিটার্নগুলো সিস্টেমে হালনাগাদ না থাকায় অনলাইনে জমা দিতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে।
জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, করদাতাদের জন্য প্রক্রিয়াটি সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যেই অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। তিনি নির্দেশ দেন, ৩১ মার্চ সময়সীমা পেরিয়ে গেলেও যেসব রিটার্ন ঝুলে আছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং কোনও গাফিলতি বা অনিয়ম পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।
প্রাক-বাজেট আলোচনায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ভ্যাট ও শুল্ক হ্রাসের প্রস্তাব দেয় এবং ভ্যাট ব্যবস্থা আরও সহজ ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করে।




































