ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে শোবিজ অঙ্গনের কোনো তারকাকে মনোনয়ন না দেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি।
মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে ন্যানসি লিখেছিলেন, ‘গায়িকা-নায়িকা, অভিনেত্রী-মডেল এসব তারকাকে শোপিস না বানিয়ে ত্যাগী, যোগ্য ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।’ তবে পোস্ট দেওয়ার প্রায় দুই ঘণ্টা পর তিনি ‘লাল সালাম’ শব্দটি পরিবর্তন করে ‘অভিনন্দন’ লিখে দেন।
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দৌড়ে শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখের নাম আলোচনায় ছিল। এর মধ্যে ছিলেন কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, দিলরুবা খান, দিঠি আনোয়ার, রিনা খান ও রুকাইয়া জাহান চমকসহ আরও অনেকে। তবে চূড়ান্ত তালিকায় কোনো তারকাই স্থান পাননি।
সোমবার (২০ এপ্রিল) বিএনপি তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করলে দেখা যায়, সেখানে শোবিজ অঙ্গনের কোনো প্রার্থী নেই। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। ন্যানসির মন্তব্যও অনলাইনে সাড়া ফেলে, অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেন।
বিএনপি সংরক্ষিত নারী আসনের জন্য তিন দিনে প্রায় ১ হাজার ৩০০টি মনোনয়ন ফরম বিক্রি করেছিল। শেষ পর্যন্ত দলটির প্রকাশিত তালিকায় শোবিজ অঙ্গনের কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।




































