একীভূত ৫ ব্যাংকের অসুস্থ গ্রাহকের আমানত ফেরত দেবে সরকার: অর্থমন্ত্রী

0
102

একীভূত পাঁচ ব্যাংকের গুরুতর রোগে আক্রান্ত গ্রাহকদের জমানো টাকা ফেরত দেওয়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

অর্থমন্ত্রী জানান, ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ ২০২৫-এর আওতায় প্রণীত ব্যাংক রেজল্যুশন স্কীম অনুযায়ী দুর্দশাগ্রস্ত পাঁচ ব্যাংকের আমানতকারীদের সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত প্রাথমিকভাবে পরিশোধ করা হচ্ছে। অবশিষ্ট টাকা পর্যায়ক্রমে ফেরত দেওয়া হবে।

তিনি আরও বলেন, মানবিক দিক বিবেচনায় কিডনি ডায়ালাইসিস ও ক্যান্সারে আক্রান্ত গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী টাকা ছাড় করা হচ্ছে। পাশাপাশি ব্রেইন টিউমার, হার্ট ও ফুসফুস-সংক্রান্ত অপারেশনের মতো অন্যান্য গুরুতর রোগের ক্ষেত্রেও অর্থ ছাড়করণের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।

দেশের আর্থিক খাতকে স্থিতিশীল করতে এবং দুর্বল ব্যাংকগুলোকে সুরক্ষা দিতে সরকার সম্প্রতি শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামি ব্যাংক গঠন করেছে। একীভূত হওয়া ব্যাংকগুলো হলো— এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে