ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অতীতকে আঁকড়ে না থেকে নতুন ইতিহাস গড়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ইতিহাস থেকে শিক্ষা নেওয়া জরুরি, কিন্তু ইতিহাস নিয়েই পড়ে থাকলে আমরা নতুন কোনো ইতিহাস তৈরি করতে পারব না।”
প্রায় ৪৩ মিনিটের দীর্ঘ বক্তব্যে তিনি রাজনীতি, অর্থনীতি, কৃষি, পররাষ্ট্রনীতি ও জননিরাপত্তা বিষয়ে জামায়াতের অবস্থান তুলে ধরেন। বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সংবিধান মান্যকারী নাগরিক হিসেবেই তারা সংসদে এসেছেন, বিদ্রোহ নয় বরং আন্দোলনের পথেই মতপ্রকাশ করবেন। তিনি গণভোটে অনুমোদিত ‘জুলাই সনদ’ অনুযায়ী সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি সরকারের প্রতি আহ্বান জানান, চীনের অর্থায়নে প্রকল্প শুরু করলে জনগণের সমর্থন মিলবে। স্বাধীন ও শক্তিশালী পররাষ্ট্রনীতির দাবি জানিয়ে তিনি বলেন, “আমাদের অনেক বন্ধু দরকার, কিন্তু কোনো প্রভুর দরকার নেই।”
তিনি ফ্যাসিবাদী শাসনামলের গুম, খুন ও ধর্ষণের বিচার দাবি করেন এবং বর্তমান চাঁদাবাজি ও অভ্যন্তরীণ কোন্দল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ এর নাগরিক সমস্যাগুলো তুলে ধরে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।




































