রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তর করতে সরকার ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তরপর্বে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
প্রধানমন্ত্রী জানান, স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হচ্ছে। সাপ্তাহিক জনসচেতনতামূলক কর্মসূচি, বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন আনা হচ্ছে। মাতুয়াইল ল্যান্ডফিলকে সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে, যার লক্ষ্য ‘জিরো ওয়েস্ট’ নিশ্চিত করা।
ঢাকা দক্ষিণে রোড মিডিয়ান ও উন্মুক্ত স্থানে বৃক্ষরোপণ, উত্তরে নগর বনায়ন ও আগামী পাঁচ বছরে পাঁচ লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গায়ও বৃক্ষরোপণ করা হবে। বন অধিদপ্তরের সহযোগিতায় রাস্তার মিডিয়ান, ইউলুপ ও খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে।
বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ও ডিটিসিএ যৌথভাবে আধুনিক বাস সার্ভিস ও ২৫০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নিয়েছে। কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন ও নির্মাণকাজে সৃষ্ট দূষণ রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।




































