মৃত্যুর গুজবের অবসান, সুস্থ আছেন তানিয়া বৃষ্টি

0
12

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি নিজের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে জানিয়েছেন তিনি ভালো আছেন। গত কয়েক মাস ধরে অসুস্থতার কারণে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকলেও হঠাৎ তার মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। এতে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

মঙ্গলবার (৯ জুন) এক সংবাদমাধ্যমকে তানিয়া বৃষ্টি বলেন, তিনি জীবিত আছেন এবং বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নিচ্ছেন। তার ভাষায়, “মহান আল্লাহর রহমতে ভালো আছি। বাসাতেই আছি আমি। পরিপূর্ণ বিশ্রামে আছি।”

তিনি জানান, নিয়মিত চেকআপ করাচ্ছেন এবং আগামী ২০ জুন কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে। এর আগে দুটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তৃতীয় সার্জারি করাতে কিছুটা সময় লাগবে। মাথায় নতুন কোনো জটিলতা এড়াতে তিনি এখন বাইরে খুব একটা বের হচ্ছেন না।

চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। তখন তার মস্তিষ্কে টিউমার শনাক্ত হয় এবং অস্ত্রোপচারের মাধ্যমে তা অপসারণ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতের চেন্নাই যান এবং এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফেরেন। এরপর থেকে বাসায় বিশ্রামে রয়েছেন।

তানিয়া বৃষ্টি ছোটপর্দায় নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০১৫ সালে ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। পরে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘গোয়েন্দাগিরি’ সিনেমায়ও অভিনয় করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে