পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র আয়োজন করেছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘পাহাড়ে ঈদ’। এবারের আয়োজনে পার্বত্য চট্টগ্রামের নয়টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীরা নাচ, গান ও নিজস্ব ঐতিহ্যবাহী পরিবেশনার মাধ্যমে অংশ নিয়েছেন।
বান্দরবান ও রাঙ্গামাটি জেলার বম, চাক, মারমা, ম্রো, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, চাকমা, খিয়াং এবং গুর্খা জাতিগোষ্ঠীর শিল্পীরা নিজস্ব ভাষা, পোশাক, সুর ও নৃত্যধারার মাধ্যমে পাহাড়ি জনপদের সংস্কৃতি ও উৎসবের আবহ দর্শকদের সামনে তুলে ধরেছেন।
দুই পর্বে নির্মিত অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন বিটিভির নির্বাহী প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী এবং উপস্থাপনা করেছেন ভ্যালেন্টিনা ত্রিপুরা। প্রতিটি পর্বে সাতটি জাতিগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনা রাখা হয়েছে, যেখানে ঐতিহ্যবাহী নৃত্য, লোকগান ও পাহাড়ি সংস্কৃতির নানা অনুষঙ্গ স্থান পেয়েছে।
অনুষ্ঠানে শুধু সাংস্কৃতিক পরিবেশনাই নয়, বরং পার্বত্য অঞ্চলে ঈদ উদযাপনের ভিন্নমাত্রিক আয়োজন ও জীবনধারাও তুলে ধরা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা নিজেদের সংস্কৃতির সঙ্গে মিলিয়ে ঈদ উদযাপন করেন, যা অনুষ্ঠানটিকে আরও বৈচিত্র্যময় করেছে।
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো. ইমাম হোসাইন সার্বিক তত্ত্বাবধান করেছেন। আয়োজকদের মতে, দেশের বৈচিত্র্যময় সংস্কৃতিকে জাতীয় সম্প্রচারে তুলে ধরা এবং পার্বত্য অঞ্চলের ঐতিহ্যকে বৃহত্তর দর্শকের সামনে উপস্থাপন করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
ঈদের আনন্দের সঙ্গে পাহাড়ি সংস্কৃতির বর্ণিল রূপ দর্শকদের কাছে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।



























