বাংলাদেশকে ব্যবসা ও উদ্ভাবনের কেন্দ্র গড়তে কাজ করছে সরকার: পর্যটনমন্ত্রী

0
62

বাংলাদেশকে আঞ্চলিক ব্যবসা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

শনিবার (৬ জুন) রাজধানীর একটি হোটেলে ইএটিএল ইনোভেশন হাব লিমিটেড আয়োজিত কৌশলগত আলোচনা সভায় বাংলাদেশ, যুক্তরাজ্য ও চীনের ব্যবসায়ী ও বিনিয়োগকারী প্রতিনিধিদল অংশ নেয়। সভায় বাণিজ্য, প্রযুক্তি, অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনসহ জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা।

আন্তর্জাতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ওল্ডহাম কাউন্সিলের ডেপুটি লিডার ও গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ পার্টনারশিপ বোর্ডের চেয়ারম্যান আব্দুল জব্বার। দলের অন্য সদস্যরা ছিলেন এমিরগ্রিন ক্যাপিটালের অ্যান্ড্রু ম্যাককালি, আর্কিটেক্টন কনস্ট্রাকশনের ক্রিস বল্ডউইন, ভিজিয়েন্ট হোল্ডিং লিমিটেডের হাউ চুনলিন এবং শেং কাই ইন্টারন্যাশনাল লিমিটেডের কিউ রান।

আলোচনায় নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পর্যটন ও প্রযুক্তি খাতে সম্ভাব্য বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়। প্রতিনিধি দলের সদস্যরা গ্রিন এনার্জি, আন্তর্জাতিক অর্থায়ন, প্রযুক্তি স্থানান্তর, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং উদ্ভাবনভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশে যৌথ উদ্যোগ গ্রহণের আগ্রহ প্রকাশ করেন।

ইএটিএল ইনোভেশন হাবের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. মুবিন খান বলেন, বাংলাদেশ দ্রুত প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং বৈশ্বিক বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে।

অনুষ্ঠানে জানানো হয়, গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে অবস্থিত ইএটিএল ইনোভেশন হাব কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা অ্যানালিটিক্স, ইন্টারনেট অব থিংস (আইওটি), অগমেন্টেড রিয়েলিটি ও ভার্চুয়াল রিয়েলিটিসহ আধুনিক প্রযুক্তি খাতে বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে কাজ করছে।

আয়োজকদের মতে, এ আয়োজন বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগ, প্রযুক্তিগত উদ্ভাবন ও কৌশলগত অংশীদারিত্বের নতুন সম্ভাবনা উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে